ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বহদ্দারহাট ফ্লাইওভারের ফাটল দেখে হতবাক চসিক মেয়র

চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের চান্দগাঁওমুখী র‌্যাম্পের পিলারের ফাটল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মেয়র বলেন, আজই সিডিএকে চিঠি দেব এটার জন্য তড়িৎ ব্যবস্থা নিতে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটল সৃষ্টি হয়েছে সেটা দেখে আমি নিজেও হতবাক হয়েছি।


তিনি বলেন, এই ফ্লাইওভারে আগেও দুর্ঘটনা ঘটেছিল। গার্ডার পড়ে অনেক লোক মারা গিয়েছিল। তাই আমরা চসিকের প্রকৌশলীদের নিয়ে দেখতে এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ রোড দিয়ে গাড়ি চলাচল হবে না। রোড (ফ্লাইওভারের নিচে) বন্ধ করে দেব।


এর আগে সোমবার (২৫ অক্টোবর) বহদ্দারহাট ফ্লাইওভারের দুটি পিলারে বড় ধরনের ফাটল শনাক্ত হয়। এসব ফাটল শনাক্ত করার পর দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের মোহরা অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওইদিন রাতে এক পথচারী ফাটল দেখতে পেয়ে ফেসবুকে সেটি নিয়ে একটি পোস্ট দেন। পরে ওই পোস্ট পুলিশের নজরে আসার পর তারা বহদ্দারহাট মদিনা হোটেলের সামনের ফ্লাইওভার পর্যবেক্ষণ করে দুটি পিলারের ওপরের অংশে বড় ফাটল শনাক্ত করে।


ওই অংশ পরিদর্শনে দেখা গেছে, র‌্যাম্প ও ফ্লাইওভারের সংযোগস্থলের কিছু নাট ঢিলে হয়ে গেছে। এর প্রভাবে র‌্যাম্প হালকা দেবে গেছে। ঘটনাটি শনাক্ত করার পরপরই মোহরার অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।


জানা গেছে, চট্টগ্রামে ফ্লাইওভারের সূচনা হয় ২০১২ সালে। এরপর মাত্র এই কয়েক বছরে একের পর এক দুর্ঘটনার সাক্ষী হয়ে উঠেছে নগরীর বহদ্দারহাট ফ্লাইওভার। এ অবস্থা দেখে পুরো শহরের ফ্লাইওভার নিয়েই আতঙ্কে জনগণ। এমনকি ফ্লাইওভারের নিচ দিয়ে যেতেও একটি অজানা মৃত্যুর শঙ্কা যেন পথচারীদের মাথায় চেপে বসে।


এ ব্যাপারে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলকারী কয়েকজন পথচারী দৈনিক অধিকারকে বলেন, বাংলাদেশে নিম্নমান ও অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ করে যেন মৃত্যুর ভয় আর অভিশাপ দুটোই জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ দেশে ভালো বা টেকসই কাজ হওয়া যেন দুরাশা। এখন প্রতিদিনই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হয়। অন্তরে একটি ভয় কাজ করে, মনে হয় ফ্লাইওভারটি যেন এখনি মাথার ওপর পড়বে।


এ দিকে, যানজট নিরসনের জন্য করা নগরীর বহদ্দারহাটে ফ্লাইওভারটি বাস্তবেই যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম থাকাকালীন ১৪৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে নির্মাণকাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারটি উদ্বোধন করা হয়। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এমএ মান্নান ফ্লাইওভার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


নির্মাণাধীন বছর থেকেই শুরু হয় দুর্ঘটনা। প্রথমে ২০১২ সালের ২৯ জুন বহদ্দারহাট ফ্লাইওভারের ২১ ও ২২ নম্বর পিলারের মাঝের একটি গার্ডার ভেঙে পড়ে। ওইদিন শুক্রবার জুমার নামাজ চলাকালীন জনহীন সময়ে এ দুর্ঘটনা ঘটায় ফলে একজন রিকশাচালক আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।


ওই ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একটি তদন্ত কমিটি গঠন করার পর কমিটি ঘটনার জন্য কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতাকে দায়ী করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পাঁচ দফা সুপারিশ করে। কিন্তু এসব সুপারিশ আমলে নেয়নি সিডিএ কর্তৃপক্ষ। ফলে সুপারিশ না মেনেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যায়।


পরবর্তীকালে একই বছরের ২১ নভেম্বর এই ফ্লাইওভারের লোহার অ্যাঙ্গেল ভেঙে এক স্কুল শিক্ষিকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৪ নভেম্বর। ওইদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। ১৩০ ফুট দৈর্ঘ্যের এক একটি গার্ডারের ওজন ৮০ টন। নিহত ১৭ জনই ৮০ টন ওজনের ওই গার্ডারের সরাসরি নিচে পড়েছিল ফলে মুহূর্তেই সবাই মারা যায়। এ ছাড়া তিনটি গার্ডার ফ্লাইওভার (ওভারপাস) থেকে পড়ার ওই ঘটনায় আহত হন অন্তত ৫০ জন। এতে অনেক মানুষই চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করেন। সুত্রঃ দৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑